Home » বাসা মালিকের হাতেই খুন ভাড়াটিয়া: পিবিআই

বাসা মালিকের হাতেই খুন ভাড়াটিয়া: পিবিআই

কর্তৃক Toshif Hasan
০ মন্তব্য
সংবাদ সম্মেলনে নিজ কার্যালয়ে বিভিন্ন তথ্য জানান পিবিআই।

ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় রাজিব আহম্মেদ ওরফে রুবেল নামের এক যুবককে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন বা পিবিআই। মাদকের আড্ডা ও বাসা ছাড়ার নোটিশকে কেন্দ্র করে নারী বাড়িওয়ালাকে মারধর ও শ্লীলতাহানি করার ক্ষোভ থেকে তার চার ছেলে মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পিবিআই দাবি করেছে।

রোববার (৫ জুলাই) সকালে ময়মনসিংহ শহরের ছত্রিশবাড়ি কলোনি এলাকার একটি বাসা থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছিল।

সোমবার (৬ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পিবিআই ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নিহত রাজিব প্রায় এক মাস আগে ওই বাসায় একটি কক্ষ ভাড়া নেন। তিনি সেখানে বহিরাগতদের নিয়ে মাদকের আড্ডা জমাতেন বলে বাড়িওয়ালার আপত্তি ছিল।

এই কারণে তাঁকে বাসা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলে তিনি জোরপূর্বক থাকার চেষ্টা করেন। গতকাল সকালে রাজিব ওই পরিবারের কক্ষের দরজায় লাথি মারলে উভয় পক্ষের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। একপর্যায়ে রাজিব নারী বাড়িওয়ালাকে মারধর ও শ্লীলতাহানি করলে তার চার ছেলে ক্ষুব্ধ হয়ে একটি চায়নিজ কুড়াল দিয়ে রাজিবের গলায় আঘাত করে তাঁকে হত্যা করেন।

তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন খবরের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকা থেকে বাড়িওয়ালার চার ছেলেকে গ্রেপ্তার করেছে পিবিআই। আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মায়ের অপমানের প্রতিশোধ নিতে রাজিবকে হত্যার কথা স্বীকার করেছেন এবং আদালতে জবানবন্দি দিতে চেয়েছেন। এই হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কারও কোনো যোগাযোগ রয়েছে কি না, তা আরও গভীরভাবে খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।

এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বাড়িওয়ালা নারী, তার তিন ছেলেসহ মোট এগারো জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ওই নারী বাড়িওয়ালা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি সুস্থ হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক মোজাম্মেল হক। এছাড়া সন্দেহভাজন হিসেবে আগে আটক হওয়া আরও দুই ব্যক্তিকে হেফাজতে নিয়ে তাঁদের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন