Home » ২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের রূপরেখা চূড়ান্ত করল বিটিআরসি

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের রূপরেখা চূড়ান্ত করল বিটিআরসি

কর্তৃক Towkir Hasan
০ মন্তব্য
২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের রূপরেখা চূড়ান্ত করল বিটিআরসি

দেশের মোবাইল নেটওয়ার্ক থেকে দ্বিতীয় প্রজন্মের (টু-জি) প্রযুক্তি পুরোপুরি প্রত্যাহার করতে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে রূপরেখা চূড়ান্ত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের সাম্প্রতিক কমিশন বৈঠকে ‘টু-জি সানসেট রোডম্যাপ অ্যান্ড অ্যাকশন প্ল্যান’ অনুমোদন করা হয়। এর আওতায় দেশের ৬ কোটির বেশি ফিচার ফোন ব্যবহারকারীকে সাশ্রয়ী স্মার্টফোনে স্থানান্তরের জন্য ২০২৭ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আড়াই বছরের সময়সীমা দেওয়া হয়েছে।

বিটিআরসির নথির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশের কারখানাগুলোতে উৎপাদিত ৩ কোটি ২৮ লাখ ৪২ হাজার ৪৩৭টি হ্যান্ডসেটের মধ্যে ৬৪ দশমিক ৬৯ শতাংশ (২ কোটি ১২ লাখ ৪৪ হাজার ৫৭৯টি) ছিল টু-জি ফিচার ফোন। অন্যদিকে ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত উৎপাদিত ১ কোটি ৮২ লাখ ১৭ হাজার ২৫৩টি সেটের মধ্যে ৬৬ দশমিক ২৩ শতাংশ (১ কোটি ২০ লাখ ৬৫ হাজার ৬০৬টি) ফিচার ফোন। এই বিশাল জনগোষ্ঠীকে আধুনিক নেটওয়ার্কে আনতে স্থানীয় পর্যায়ে ফোর-জি ফিচার ফোন ও সাশ্রয়ী স্মার্টফোন উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

গৃহীত পরিকল্পনায় টু-জি হ্যান্ডসেটের মূল নকশা অনুমোদন লাইসেন্স (ওডিএম) প্রদানের শেষ সময় ২০২৬ সালের ৩১ ডিসেম্বর এবং স্থানীয়ভাবে উৎপাদিত সেটের বাজারজাতকরণ অনুমোদনের শেষ সময় ২০২৭ সালের ৩০ জুন নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে সকল আমদানি করা টু-জি আইওটি ও এমটুএম ডিভাইস ফোর-জি বা ভিওএলটিইতে স্থানান্তর করতে হবে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অনুমোদনের পর টু-জির জন্য ব্যবহৃত স্পেকট্রাম ফোর-জি, ফাইভ-জি ও এলটিই নেটওয়ার্কে পুনর্বণ্টন করা হবে। সাধারণ মানুষের সুবিধার্থে ২ থেকে ৩ হাজার টাকার মধ্যে স্মার্টফোন সরবরাহে সামাজিক দায়বদ্ধতা তহবিল (এসওএফ) থেকে ভর্তুকি প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তথ্যসূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও গবেষণা ডেস্ক

হাইলাইটস:

  • ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে টু-জি নেটওয়ার্ক প্রত্যাহারের চূড়ান্ত রূপরেখা অনুমোদন করেছে বিটিআরসি।
  • ফিচার ফোন ব্যবহারকারীদের স্থানান্তরে ২০২৭ সালের জুলাই থেকে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত আড়াই বছর সময় নির্ধারণ।
  • বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ২-৩ হাজার টাকায় ভর্তুকিমূল্যে স্মার্টফোন সরবরাহের প্রস্তাব।

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন