রাজধানীর মিরপুর-১ নম্বরে অবস্থিত বেসরকারি মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি’ সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন দখলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও শাহ আলী থানা পুলিশের পৃথক অভিযানে তাদের আটক করা হয়। এ নিয়ে প্রতিষ্ঠানটিতে সংঘটিত হামলার ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।
ডিবি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রকিব খান জানান, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করা হয়। অন্যদিকে শাহ আলী থানা পুলিশ মিরপুর এলাকা থেকে ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম ইউনিটের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে মোহাম্মদ আলী জিন্নাহকে (২৭) গ্রেপ্তার করে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব জানান, গত ২৫ সেপ্টেম্বর একদল দুর্বৃত্ত মিরপুরের ওই স্বাস্থ্যসেবা কেন্দ্রে অনধিকার প্রবেশ করে চিকিৎসাসেবা কার্যক্রমে বিঘ্ন ঘটায়, সিসিটিভি ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর করে এবং চিকিৎসা সরঞ্জাম লুটপাট চালায়। হামলার ঘটনার পর ক্লিনিক কর্তৃপক্ষের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা ও দখলচেষ্টার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।