৬৬
সাময়িক বিভ্রাট কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। আজ শুক্রবার সন্ধ্যা থেকে সমস্যা শুরু হওয়ার পর, রাত ৮টা ২৫ মিনিটের দিকে এটি সচল হতে থাকে। তবে ব্যবহারকারীদের দাবি, প্ল্যাটফর্মটির বেশ কিছু ফিচার এখনো পুরোপুরি কাজ করছে না। পাশাপাশি, অনেকেই এখনো মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না বলে জানিয়েছেন।
এর আগে সন্ধ্যা থেকে বাংলাদেশসহ বিশ্বজুড়ে ফেসবুকের নিউজ ফিড লোড না হওয়া, লগ-ইন করতে না পারা এবং মেসেঞ্জার নিজে নিজেই লগআউট হয়ে যাওয়ার মতো বিভ্রাট দেখা দেয়। তবে এই কারিগরি ত্রুটির সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।