Home » বাংলাদেশি ও মার্কিন প্রতিষ্ঠানের মধ্যে আরো ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার আশা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের

বাংলাদেশি ও মার্কিন প্রতিষ্ঠানের মধ্যে আরো ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার আশা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের

কর্তৃক Mohiuddin Mahi
০ মন্তব্য

বাংলাদেশি ও মার্কিন প্রতিষ্ঠানের মধ্যে আরো ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ব্যবসা-থেকে-ব্যবসা পর্যায়ে সম্পর্ক সম্প্রসারণের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী হতে পারে।

রোববার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘দ্য আর্ট অব দ্য ডিল: আলোচনার দক্ষতায় আমেরিকান উৎকর্ষ’ শীর্ষক কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, সফল আলোচনা শুধু কোনো চুক্তি সম্পাদনের বিষয় নয়; এর সঙ্গে বিশ্বাসভিত্তিক সম্পর্ক গড়ে তোলা, সমস্যার সমাধান এবং নতুন সুযোগ সৃষ্টির বিষয়ও জড়িত। বিদেশে কার্যক্রম পরিচালনাকারী মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর এমন অংশীদার প্রয়োজন, যাদের সঙ্গে তারা বিভিন্ন দেশে আস্থার সঙ্গে কাজ করতে পারে। একইভাবে, যারা আমেরিকানদের আলোচনার ধরন বোঝেন, তাদের সঙ্গে কাজ করাও সহজ ও ফলপ্রসূ।

তিনি বলেন, এ কর্মসূচি ভবিষ্যতে আরো ব্যবসা-থেকে-ব্যবসা সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করবে এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ককে আরো শক্তিশালী করবে।

ঢাকার যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায়ের এক বিবৃতিতে জানানো হয়, চার দিনের এ প্রশিক্ষণ কর্মসূচিতে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অ্যাকসেস ইংলিশ প্রোগ্রামের ৬০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। যুক্তরাষ্ট্রের ইংরেজি ভাষা বিশেষজ্ঞ জোএন মুনিস্টেরির সহায়তায় পরিচালিত এ কর্মসূচিতে যোগাযোগ, নেতৃত্ব ও আলোচনার দক্ষতা উন্নয়নের বিভিন্ন কৌশল শেখানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রশিক্ষণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ বইয়ে বর্ণিত আলোচনার নীতিমালার পাশাপাশি নেতৃত্ব বিকাশ ও সমঝোতা প্রতিষ্ঠায় ব্যবহৃত বিভিন্ন আমেরিকান পদ্ধতি অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, কর্মসূচির মাধ্যমে অর্জিত দক্ষতা তারা ভবিষ্যতে পেশাগত ও ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারবেন। পাশাপাশি সহকর্মী, সহপাঠী ও নিজেদের সম্প্রদায়ের অন্য সদস্যদের মধ্যেও এসব জ্ঞান ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষক, আয়োজক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত বলেন, আলোচনার দক্ষতা উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলা এবং পারস্পরিক লাভজনক অংশীদারত্ব তৈরির ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন

আমাদের সম্পর্কে

আপনাকে প্রতিদিন অবহিত রাখতে সময়োপযোগী, নির্ভরযোগ্য এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা হয়। আমরা আপনার জন্য নিয়ে আসি নির্ভুল সংবাদ, গভীর বিশ্লেষণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য।