ফিলিপাইনের দক্ষিণের মিন্দানাও দ্বীপে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮ এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভয়াবহ এই কম্পনের পর সম্ভাব্য সুনামির সতর্কতা জারি করা হয়।
ভূমিকম্পের তীব্রতা নিয়ে বিভিন্ন সংস্থা ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে। জিএফজেড প্রথমে মাত্রা ৮ দশমিক ২ মাত্রার কথা জানালেও পরে তা সংশোধন করে ৭ দশমিক ৮ বলে।
অন্যদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে উল্লেখ করেছে।
ফিলিপাইনের সংস্থা ‘ফিভলকস’ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ৭ ছিল। এরফলে উপকূলে এক মিটারের চেয়েও উঁচু ঢেউ কয়েক ঘণ্টা স্থায়ী হতে পারে।
যুক্তরাষ্ট্র, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট সংস্থাগুলো সুনামির আশঙ্কার কথা জানালেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যায়নি।
ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের আলাবেল শহরের পুলিশ প্রধান বেঞ্জি আনচেতা জানান, সকালে পতাকা উত্তোলনের সময় তীব্র ঝাঁকুনি শুরু হয়। এতে পুলিশ ভবনে ফাটল দেখা দেয় এবং আতঙ্কে কিছু মানুষ জ্ঞান হারিয়ে ফেলেন। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। রয়টার্সকে তিনি বলেন, এটিই তাদের দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় শহর মানাদোতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া উভয় দেশই বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ার’র ওপর অবস্থিত। দক্ষিণ আমেরিকা থেকে রাশিয়ার দূরপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত এই বলয়টি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।