Home » ৩.৭১ মিলিয়ন ডলার ঋণের দায়ে রিজেন্ট এয়ারওয়েজের পরিচালনাকারী সংস্থার অবসায়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

৩.৭১ মিলিয়ন ডলার ঋণের দায়ে রিজেন্ট এয়ারওয়েজের পরিচালনাকারী সংস্থার অবসায়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

কর্তৃক Towkir Hasan
০ মন্তব্য
৩.৭১ মিলিয়ন ডলার ঋণের দায়ে রিজেন্ট এয়ারওয়েজের পরিচালনাকারী সংস্থার অবসায়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট

যুক্তরাষ্ট্র-ভিত্তিক উইলমিংটন ট্রাস্ট কোম্পানিকে বিমান লিজ বাবদ ৩৭ লক্ষ ডলারের বেশি বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় হাবিব গ্রুপের অধীনস্থ রিজেন্ট এয়ারওয়েজের পরিচালনাকারী প্রতিষ্ঠান এইচজি এভিয়েশন লিমিটেডকে অবসায়নের (লিকুইডেশন) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আদালত বলেছে, কোনো কোম্পানি ভবিষ্যতে বিনিয়োগ পাওয়ার সম্ভাবনার কথা বলে স্বীকৃত ও পরিশোধযোগ্য ঋণ এড়াতে পারে না।

আদালত অবসায়ন প্রক্রিয়া তদারকি এবং পাওনাদারের জন্য বকেয়া ৩৭,০৯,৮২৭.৩৮ ডলার আদায়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী আসিফ বিন আনোয়ারকে সরকারি অবসায়ক হিসেবেও নিয়োগ দিয়েছে।

আদালত তাকে এক সপ্তাহের মধ্যে প্রক্রিয়াটি শুরু করতে এবং দুই মাসের মধ্যে এইচজি এভিয়েশনের অবসায়ন বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারপতি মো. তৌফিক ইনাম গত ১৯ আগস্ট এই রায় দেন। ১৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি গতকাল প্রকাশ করা হয়েছে।

ব্যারিস্টার মো. মুক্তাদির রহমান মার্কিন কোম্পানিটির প্রতিনিধিত্ব করেন, অন্যদিকে এইচজি এভিয়েশনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

যোগাযোগ সূত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে মুক্তাদির রহমান বলেন, রিজেন্ট এয়ারওয়েজ বেশ কয়েকবার উইলমিংটন থেকে বিমান লিজ নিলেও লিজের অর্থ পরিশোধে ব্যর্থ হয়।

তিনি আরও বলেন, হাবিব গ্রুপের আরও দশটি কোম্পানি বিমান লিজের ক্ষেত্রে জামিনদার হিসেবে কাজ করেছিল।

২০২৩ সালে হাবিব গ্রুপের ১১টি কোম্পানির বিরুদ্ধে অবসায়ন আবেদন দাখিল করার আগে উইলমিংটন বকেয়া অর্থ আদায়ের জন্য বিভিন্ন উপায় অবলম্বন করেছিল।

আইনজীবী বলেন, আদালত এখন পর্যন্ত শুধু এইচজি এভিয়েশনের অবসায়নের আদেশ দিয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে বকেয়া অর্থ আদায় করা না গেলে, আদালত গ্রুপের বাকি ১০টি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

তিনি বলেন, এই মাসে আদালতের অবকাশ শেষ হওয়ার পর তিনি বাকি অবসায়ন আবেদনগুলোর ওপর শুনানির আবেদন করবেন।

অবসায়ন আবেদনের সম্মুখীন হওয়া অন্যান্য কোম্পানিগুলো হলো হাবিব স্টিলস লিমিটেড, ডায়মন্ড সিমেন্ট লিমিটেড, লিগ্যাসি ফ্যাশন লিমিটেড, রিজেন্ট স্পিনিং মিলস লিমিটেড, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, সিয়াম সুপিরিয়র লিমিটেড, এমটিএস রি-রোলিং মিলস লিমিটেড, আনোয়ারা পেপার মিলস লিমিটেড, রিজেন্ট পাওয়ার লিমিটেড এবং রিজেন্ট এয়ারওয়েজ লিমিটেড।

জানা গেছে, এই ১১টি কোম্পানি সম্মিলিতভাবে সরকারি সংস্থা, ব্যাংক এবং ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রায় ৪,০০০ কোটি টাকা ঋণী।

হাবিব গ্রুপের ব্যবসায়িক মন্দার মধ্যে গ্রুপের পাঁচজন শীর্ষ কর্মকর্তা দেশ ছেড়েছেন বলেও জানা গেছে। তারা হলেন চেয়ারম্যান ইয়াকুব আলী, ব্যবস্থাপনা পরিচালক ইয়াসিন আলী এবং পরিচালক মাশরুফ হাবিব, সালমান হাবিব ও তানভীর হাবিব।

তথ্যসূত্র: আইন ও বিচার বিভাগ এবং সুপ্রিম কোর্ট প্রশাসন

হাইলাইটস:

  • যুক্তরাষ্ট্র-ভিত্তিক উইলমিংটন ট্রাস্ট কোম্পানিকে বিমান লিজ বাবদ ৩৭ লক্ষ ডলারের বেশি বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় হাবিব গ্রুপের অধীনস্থ রিজেন্ট এয়ারওয়েজের পরিচালনাকারী প্রতিষ্ঠান এইচজি এভিয়েশন লিমিটেডকে অবসায়নের (লিকুইডেশন) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
  • আদালত বলেছে, কোনো কোম্পানি ভবিষ্যতে বিনিয়োগ পাওয়ার সম্ভাবনার কথা বলে স্বীকৃত ও পরিশোধযোগ্য ঋণ এড়াতে পারে না।
  • আদালত অবসায়ন প্রক্রিয়া তদারকি এবং পাওনাদারের জন্য বকেয়া ৩৭,০৯,৮২৭.৩৮ ডলার আদায়ের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী আসিফ বিন আনোয়ারকে সরকারি অবসায়ক হিসেবেও নিয়োগ দিয়েছে।

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন