Home » গাজীপুরে পোশাক কারখানার আগুন সাড়ে তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরে পোশাক কারখানার আগুন সাড়ে তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে

কর্তৃক Towkir Hasan
০ মন্তব্য
গাজীপুরে পোশাক কারখানার আগুন সাড়ে তিন ঘণ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুর মহানগরের দেগেরচালা ফকির মার্কেট এলাকায় ম্যাট্রিক্স স্টাইলস লিমিটেড নামের একটি বহুতল তৈরি পোশাক কারখানার অগ্নিকাণ্ড সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (৩ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে কারখানাটিতে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নেভানোর কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের সময় ভবনের ছাদে আটকা পড়া ৬৭ জন নারী ও পুরুষ শ্রমিককে টার্নটেবল ল্যাডার ও পেছনের জরুরি সিঁড়ি ব্যবহার করে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বেলা ২টা ৪৫ মিনিটে বহুতল ভবনটির দোতলায় সুতা ও ফেব্রিক্সের গুদাম থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোগড়া, গাজীপুর চৌরাস্তা মডার্ন, কোনাবাড়ী ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের ৯টি ইউনিট পর্যায়ক্রমে ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সোয়া ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল ইসলাম জানান, দোতলায় আগুন লাগার পর উপরের তলার শ্রমিকরা নিরাপত্তার জন্য দ্রুত ছাদে অবস্থান নেন। উদ্ধারকারী দল ল্যাডার ব্যবহার করে আটকে পড়া ৬৭ জন শ্রমিককে কোনো ধরনের আঘাত ছাড়াই নিরাপদে নিচে নামিয়ে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি।

ঘটনার পরপরই গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও শিল্প পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করে কারখানা চত্বর ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হয়। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত কমিটি গঠনের মাধ্যমে আগুনের সুনির্দিষ্ট কারণ নির্ধারণ করা হবে।

হাইলাইটস:

  • গাজীপুরের দেগেরচালায় ম্যাট্রিক্স স্টাইলস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
  • ভবনের ছাদ থেকে আটকে পড়া ৬৭ জন শ্রমিককে অক্ষত অবস্থায় উদ্ধার করল ফায়ার সার্ভিস।
  • সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সোয়া ৬টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, হতাহতের ঘটনা ঘটেনি।

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন