যাত্রীসেবার মান যাচাই, লাগেজ ডেলিভারি প্রক্রিয়ার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং ট্রলি সংকট নিরসনে শুক্রবার দিবাগত গভীর রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। রাত সাড়ে ১০টা থেকে মধ্যরাত পর্যন্ত পরিচালিত এই পরিদর্শনে তিনি আন্তর্জাতিক আগমনী টার্মিনাল, লাগেজ বেল্ট এলাকা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম সরেজমিন তদারকি করেন।
পরিদর্শনকালে বিমানমন্ত্রী ৮ নম্বর লাগেজ বেল্টসহ বিভিন্ন বেল্টে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং বিমান অবতরণের পর লাগেজ পেতে কত সময় অপেক্ষা করতে হয়েছে তা সরাসরি জানতে চান। মদিনা, কুয়েত ও শারজাহ থেকে আসা ফ্লাইটের যাত্রীরা সাম্প্রতিক বিশৃঙ্খলার পর সার্বিক ব্যবস্থার অগ্রগতি নিয়ে কথা বলেন। মন্ত্রী দায়িত্বরত বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), কাস্টমস, সিভিল এভিয়েশন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
বিমানমন্ত্রী নির্দেশ দেন, কোনো অবস্থাতেই যাতে যাত্রীদের ব্যাগেজ পেতে অতিরিক্ত সময় অপেক্ষা করতে না হয় এবং সেবার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার বজায় রাখা হয়। বিশেষ করে পিক আওয়ারে যাত্রীদের চাপ সামলাতে তাৎক্ষণিকভাবে লাগেজ ট্রলির সংখ্যা বৃদ্ধি এবং নষ্ট ট্রলিগুলো দ্রুত মেরামত করার কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি। এছাড়া লাগেজ বেল্ট এলাকায় নিরাপত্তা জোরদার এবং ট্রলি হ্যান্ডলিং কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক তদারকি টিম নিয়োজিত রাখার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষকে তাগিদ দেন।
হাইলাইটস:
- শাহজালাল বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকায় বিমানমন্ত্রীর গভীর রাতে আকস্মিক পরিদর্শন।
- যাত্রীদের সাথে সরাসরি কথা বলে ব্যাগেজ ডেলিভারি প্রক্রিয়া ও সময়ক্ষেপণ পর্যবেক্ষণ।
- ট্রলি সংকট দূর করতে তাৎক্ষণিক সংখ্যা বৃদ্ধি ও তদারকি টিম জোরদারের নির্দেশ।