Home » গুলশানে টস বন্ডের চারটি গুদাম সিলগালা, মদের চালানে গরমিল

গুলশানে টস বন্ডের চারটি গুদাম সিলগালা, মদের চালানে গরমিল

কর্তৃক Towkir Hasan
০ মন্তব্য
গুলশানে টস বন্ডের চারটি গুদাম সিলগালা, মদের চালানে গরমিল

অননুমোদিত গুদামে শুল্কমুক্ত বিদেশি মদ মজুত এবং ঘোষিত মজুতের সঙ্গে নথিপত্রের গরমিল পাওয়ায় রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি গুদাম সিলগালা করেছে শুল্ক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার (২ অক্টোবর) ভোর সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে এসব অনিয়ম শনাক্ত করা হয়। শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ দলের অনুসন্ধানে দেখা যায়, প্রতিষ্ঠানটির অনুমোদিত গুদামের সংখ্যা দুটি হলেও তারা চারটি গুদামে পণ্য সংরক্ষণ করছিল। প্রতিষ্ঠানটির ভবনের দুটি ফ্লোরের জন্য কাস্টমসের কোনো বৈধ অনুমোদনপত্র ছিল না। এছাড়া এনবিআরের সফটওয়্যার ও ভৌত মজুত যাচাইকালে দেখা যায়, ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি ও ৬ বোতল নেমেরফ গুদামে উপস্থিত থাকলেও সফটওয়্যারে সেগুলোকে খালাস বা ‘এক্সবন্ড’ দেখানো হয়েছে। বিপরীতে, গত ৩ সেপ্টেম্বর সফটওয়্যারে ‘ইনবাউন্ড’ দেখানো ২ হাজার ২৫০ কার্টন আমদানিকৃত হাইনেকেন বিয়ারের কোনো বাস্তব অস্তিত্ব গুদামে পাওয়া যায়নি।

জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন জানান, বন্ড সুবিধার আওতায় আমদানিকৃত শুল্কমুক্ত পণ্য খোলাবাজারে পাচার রোধ এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট চারটি গুদামই সিলগালা করা হয়েছে। শুল্ক আইন অনুযায়ী অনিয়ম ও রাজস্ব ফাঁকির বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত এবং আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

হাইলাইটস:

  • গুলশানের টস বন্ডের অনুমোদিত দুটির বাইরে আরও দুটি অননুমোদিত গুদামে মদ মজুত।
  • সফটওয়্যারে খালাস দেখানো মদ গুদামে উপস্থিত, ইনবাউন্ডের ২,২৫০ কার্টন বিয়ার উধাও।
  • সিআইআইডি ও ডিএনসির যৌথ অভিযানে চারটি গুদাম সিলগালা, পূর্ণাঙ্গ তদন্ত শুরু।

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন