Home » ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা

ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা

কর্তৃক Towkir Hasan
০ মন্তব্য

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। আশ্বিন মাসের পূর্ণিমার সঙ্গে সমন্বয় করে ইলিশের ডিম ছাড়ার অনুকূল পরিবেশ রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৎস্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান প্রজনন মৌসুমের এই ২২ দিন বঙ্গোপসাগর, মেঘনা, পদ্মা ও যমুনাসহ দেশের ইলিশ বিচরণকারী সব নদ-নদী এবং মোহনায় মৎস্য আহরণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে দেশের ৩৭টি জেলার উপকূলীয় ও নদী অববাহিকার নিবন্ধিত প্রায় ৫ লাখ জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে পরিবারপ্রতি ২৫ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হবে।

মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ ইলিশ শিকার বা ক্রয়-বিক্রয় করলে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌপুলিশ ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে নদীগুলোতে সার্বক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন