Home » বাংলা কিউআর লেনদেনে তাৎক্ষণিক নিষ্পত্তিসহ নতুন সুবিধা কার্যকর

বাংলা কিউআর লেনদেনে তাৎক্ষণিক নিষ্পত্তিসহ নতুন সুবিধা কার্যকর

কর্তৃক Towkir Hasan
০ মন্তব্য

সারাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ক্যাশলেস লেনদেনকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করতে ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক পরিশোধ ব্যবস্থায় তাৎক্ষণিক অর্থ নিষ্পত্তি এবং ইন্টারচেঞ্জ ফি প্রত্যাহার-সংক্রান্ত নতুন নীতিমালা কার্যকর হয়েছে। ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া এ নির্দেশনার আওতায় পণ্য বা সেবার মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গেই গ্রাহকের অর্থ সরাসরি বিক্রেতার ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবে যুক্ত হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

নতুন নির্দেশনা অনুসারে, মার্চেন্ট ডিসকাউন্ট রেটের (এমডিআর) ক্ষেত্রে বিদ্যমান এক শতাংশের সর্বনিম্ন বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে এবং ইন্টারচেঞ্জ রিইমবার্সমেন্ট ফি শূন্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে তফসিলি ব্যাংক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডাররা এখন প্রান্তিক ব্যবসায়ীদের সম্পূর্ণ বিনামূল্যে বা নামমাত্র পরিচালন ব্যয়ে বাংলা কিউআর সেবা প্রদান করতে পারবে। এছাড়া ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) মাধ্যমে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনকে উৎসাহিত করার জন্য ব্যাংক ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট আর্থিক প্রণোদনা প্রদান করবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে সারাদেশে প্রায় ৩৯ লাখ মার্চেন্ট পয়েন্টে মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর স্ক্যান করে বিল পরিশোধের প্রযুক্তি সংযুক্ত রয়েছে। গত জুন মাসে যেখানে প্রতিদিন গড়ে ১ লাখ লেনদেনের মাধ্যমে ২৮ কোটি টাকা পরিশোধ হতো, বর্তমানে তা দৈনিক গড়ে ৩ লাখ ৫০ হাজার লেনদেন ও ১৪৩ কোটি ৫৪ লাখ টাকায় উন্নীত হয়েছে। আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) পর্যায়েও বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে অর্থ স্থানান্তরের সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আপনার আরও পছন্দ হতে পারে

একটি মন্তব্য করুন